১৩ নেতার পদায়ন ঘিরে রাজশাহী মহানগর যুবদলে দ্বন্দ্ব, দুই নেতার বাড়ি ঘেরাও
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
কমিটিতে নতুন করে ১৩ জনকে পদায়ন করাকে কেন্দ্র করে রাজশাহী মহানগর যুবদলে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এর জেরে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে সংগঠনটির ‘বঞ্চিত’ নেতাকর্মীরা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ‘বঞ্চিত’ নেতাকর্মীরা নগরীর রাজারহাতা এলাকায় সদস্য সচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসা ঘেরাও করেন। রাত ১২টা পর্যন্ত তারা বাসার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
পরে বিক্ষোভকারীরা নগরীর ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসার সামনে গিয়ে বিক্ষোভ করেন। তবে ওই সময় বাসাটি তালাবদ্ধ ছিল। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ফিরে যান।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হলে পদটি শূন্য হয়। এরপর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি আহ্বায়ক হন।
এর মধ্যে যুবদলের কয়েকজন নেতা বিএনপিতে যোগ দেওয়ায় গত ১৫ জুলাই আটজনকে নতুন করে যুগ্ম আহ্বায়ক করা হয়। শনিবার আবারও ১৩ জনকে যুবদলের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়। বিএনপিতে যোগদান ও মৃত্যুজনিত কারণে পদ শূন্য হওয়ায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন ১৩ জনের অন্তর্ভুক্তির পর ‘বঞ্চিত’ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে স্বাক্ষর ক্ষমতা (সাইনিং পাওয়ার) প্রয়োগের অধিকারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না তারা।
রাতের বাড়ি ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা আরিফুজ্জামান সোহেল বলেন, একটি সংগঠন ছেড়ে আসা নেতা সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। যারা মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করেছেন, মহানগর কমিটিতে বড় পদ পাওয়ার যোগ্যতা তাদের রয়েছে। অথচ তাদের বঞ্চিত করা হয়েছে।
মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল ইসলাম শুভ বলেন, যাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তিনি মহানগর ছাত্রদলে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। শুধু বিএনপি করার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। অথচ তারা মূল্যায়ন পাচ্ছেন না। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, অনেক ত্যাগী নেতা কমিটিতে স্থান পাননি। একই কমিটিতে বারবার অন্তর্ভুক্তি করা হচ্ছে। নেতাকর্মীদের আবেগ ও ক্ষোভ থাকতেই পারে। আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। তাদের ক্ষোভ, দুঃখ ও অভিমানের কথা কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে।
অন্যদিকে, আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনোটিই আমার চরিত্রের সঙ্গে যায় না।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন